ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রমিক আন্দোলন
নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন শ্রমিকরা, সতর্ক এমপি ও আইনশৃঙ্খলা বাহিনী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ৩:২৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা ৩ দিনের শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবার সকাল থেকে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে। স্বাভাবিক হয়েছে সড়কে যানবাহন চলাচলও। তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা এলাকায় সার্বক্ষণিক বাড়তি সতর্কতা বজায় রেখেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল, রামারবাগ, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় শ্রমিকদের স্বাভাবিক কর্মব্যস্ততা দেখা যায়। কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতো। সড়কেও যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এর আগে সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা ৩ দিন এসব এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিদিন সকালে কাজে যোগ দিলেও বিভিন্ন সময়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত থাকলেও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। কাঠেরপুল, শিবু মার্কেট ও নয়ামাটি এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিবু মার্কেটসহ আশপাশের বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালন করছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও।

এদিকে শুধু ফতুল্লা নয়, নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা চাষাড়াতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে। চাষাড়া শহীদ মিনার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি।
বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এফ এম আবু সাঈদ বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজ করছেন। তবে মজুরি বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পরও কিছু দেশি-বিদেশি চক্রের উসকানিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলের শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুরু থেকেই কাণ্ডারীর ভূমিকায় রয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি নিজে সরেজমিনে এলাকা পরিদর্শন করছেন এবং পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।

তাঁর এই মাঠপর্যায়ের উদ্যোগের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিএনপি নেতাকর্মীরাও সমন্বিতভাবে মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন। এমপি আজাদের এই দায়িত্বশীল, প্রশংসনীয় ও ইতিবাচক পদক্ষেপে ফতুল্লা ও আশপাশের শিল্পাঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝