অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের এক জায়গায় বসে মোস্তাফিজুর রহমানের খেলা উপভোগের সুযোগ করে দিতে মেলবোর্ন রেনেগেডস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গ্যালারিতে ‘ফিজ বে’ নামে বিশেষ একটি অংশ চালু করতে যাচ্ছে।
বিগ ব্যাশের আগামী মৌসুমে মোস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিয়ে বুধবার এ পরিকল্পনার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ এই গ্যালারির প্রথম ২০০টি পরিবারের টিকিটে থাকবে ৫০ শতাংশ ছাড়।
রেনেগেডসের মহাব্যবস্থাপক ম্যাক্স অ্যাবট বলেন, মোস্তাফিজের মতো বিশ্বমানের একজন টি-টোয়েন্টি পেসারকে দলে পেয়ে তারা উচ্ছ্বসিত। একই সঙ্গে বাংলাদেশি সমর্থকদের আগ্রহকে উদ্যাপন করতেই এমসিজির গ্যালারিতে বিশেষ এই অংশ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাবট বলেন, বিশ্বের সেরা টি-টোয়েন্টি পেসারদের একজনকে দলে পেয়ে তারা আনন্দিত। মোস্তাফিজকে ঘিরে উদ্যাপনের অংশ হিসেবে গ্যালারির নির্দিষ্ট একটি অংশের নাম রাখা হচ্ছে ‘ফিজ বে’। প্রথম ২০০টি পরিবারের জন্য টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে, যাতে তারা একসঙ্গে মাঠে বসে খেলা উপভোগ করতে পারে।
মেলবোর্নে বসবাসরত কিংবা শহরটিতে বেড়াতে যাওয়া বাংলাদেশিদের জন্য এ উদ্যোগ বিশেষ সুযোগ তৈরি করবে বলে মনে করেন অ্যাবট। তাঁর ভাষায়, এমসিজিতে বাংলাদেশি কমিউনিটির জন্য আলাদা গ্যালারি থাকা দারুণ ব্যাপার। সেখানে সমর্থকেরা একসঙ্গে বসে মোস্তাফিজের খেলা উপভোগ ও উদ্যাপন করতে পারবেন।
চাহিদা বাড়লে বিশেষ গ্যালারির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেনেগেডসের। আপাতত গ্যালারির একটি নির্দিষ্ট অংশ মোস্তাফিজের সমর্থকদের জন্য বরাদ্দ রাখা হবে। সেখানে দর্শকেরা বাংলাদেশের টাইগার জার্সি কিংবা রেনেগেডসের পোশাক পরে এসে সমর্থন জানাতে পারবেন।
মোস্তাফিজকে দলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রেনেগেডসকে ঘিরে আলোচনা বেড়েছে। বাংলাদেশি সমর্থকদের ক্রিকেটের প্রতি আবেগ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অ্যাবট। আইসিসির সঙ্গে বিশ্বকাপে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, বাংলাদেশের দর্শকেরা প্রতিটি ম্যাচের ভালো-মন্দ মুহূর্ত কতটা আবেগের সঙ্গে গ্রহণ করেন।
অ্যাবট বলেন, বাংলাদেশের সমর্থকদের মতো সমর্থক আর নেই। তারা প্রতিটি ম্যাচের উত্থান-পতন নিজেদের অংশ করে নেন। এবার রেনেগেডসের সমর্থনে সেই আবেগের কিছুটা কাজে লাগাতে পারা দারুণ ব্যাপার হবে।
এসএস