বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
বুধবার (৪ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই আদেশে তৎকালীন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মামুনুর রশিদকে বরিশাল শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছিল।
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ বুধবার। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এফএস