গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে একটি কারখানার গোডাউন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেন আন্দোলনকারীরা। এতে ব্যাহত হয় আগুন নেভানোর কার্যক্রম।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ চলাকালে ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের একটি গোডাউনে আগুন দেওয়া হয়। একই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে আগুন লাগার পরপরই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। অবরোধের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেও আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি। এতে আগুন কারখানার মূল ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে চন্দ্রা এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে সামনে এগোতে পারেননি। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যাচ্ছে না।
এদিকে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষ চলছে। এর মধ্যে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। তবে বোর্ড গঠনের পরও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ কমেনি।
এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকেও নতুন করে আন্দোলন শুরু হয়। পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশপাশের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এফএস