নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) ড্রামা অ্যান্ড ফিল্ম ক্লাবের উদ্যোগে গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘হ্যালোইন স্পুকট্যাকুলার ৩.০’। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিসহ তিন শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নৃত্য পরিবেশনা এবং স্ক্রিপ্ট রাইটিং, রিলস ও কসপ্লে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেল ৪টায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনডিইউবির প্রক্টর ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও, সিএসসি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্লাব কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারিয়া গোমেজ, সিএসসি, ক্লাবের মডারেটর আফরিসতা বীরজিছ, কো-মডারেটর নন্দিতা মল্লিক, নটর ডেম কলেজের সহকারী স্টুডেন্ট ডিরেক্টর ফাদার প্রনয় অ্যান্থনি গোমেজ, সিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবিরা ও খ্রিষ্টিন।
উদ্বোধনী পর্বে কাশরি কালাম এশার নেতৃত্বে স্বাগত নৃত্য পরিবেশিত হয়। এরপর প্রদর্শিত হয় ‘দ্য থার্ড ফ্লোর’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেন প্রেরণা ফিলোমিনা গমেজ। এতে অভিনয় করেন সায়েম, মিথিলা, অর্নি, ফায়েদ, তাওসিফ, বিভোর, অ্যারন, ত্রিনা, ত্রিশা, কণ্ঠ, তাজরীন, স্নেহা, জারিন, তেহজিব, হৃদয় ও সাবিরা। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন রূডলফ।
পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় রিলস ও কসপ্লে প্রতিযোগিতা। রিলস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হ্যালোইনভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ভিডিও উপস্থাপন করেন। কসপ্লে প্রতিযোগিতায় তাঁরা বিভিন্ন কাল্পনিক ও রহস্যময় চরিত্রের সাজে মঞ্চে উপস্থিত হন। এ দুটি প্রতিযোগিতার বিচারক ছিলেন ফাদার প্লাসিড প্রশান্ত রোজারিও, সিএসসি, ফাদার প্রনয় অ্যান্থনি গোমেজ, সিএসসি এবং এনডিইউবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামি হোসেন চিশতী।
এরপর মঞ্চস্থ হয় ‘দ্য লাস্ট রুল’ শিরোনামের একটি নাটক। অর্নি মারীয়া গোছাল ও আসিফ আহমেদ অন্তু নাটকটি রচনা ও নির্দেশনা দেন। এতে অভিনয় করেন প্রেরণা, পল্লবী, ফায়েদ, বিভোর, অনিক ও রূডলফ।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে তিনটি প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতায় তাহসিন আজাদ হৃদি চ্যাম্পিয়ন এবং মুসফিকা অথৈ রানারআপ হন। রিলস প্রতিযোগিতায় নুজাইমা শেখ চ্যাম্পিয়ন ও আফরোজা সুলতানা অমি রানারআপ হন। কসপ্লে প্রতিযোগিতায় ফায়েদ আহমেদ চ্যাম্পিয়ন এবং তুলি গমেজ রানারআপ হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের বিদায়ী ১১তম নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়। বিদায়ী কমিটিতে ছিলেন সভাপতি নিকোলাস দ্বিপ কস্তা, সহসভাপতি অগ্নিলা ফ্লোরেন্স কোরাইয়া ও শেখ ইনজামামুল হক, চলচ্চিত্র সম্পাদক রোজ অঙ্কিতা রোজারিও, ব্যবস্থাপনা ও সমন্বয় সম্পাদক হিমেল অ্যান্থনি ক্রুজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক সিনথিয়া তেরেসা রয় এবং ক্লাব প্রতিনিধি পায়েল ডি কস্তা ও ফাতেমা জাহান সুস্মিতা।
মিথিলা দাস বৃষ্টির নেতৃত্বে পরিবেশিত সমাপনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফারদিন। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দায়িত্বে ছিলেন অঙ্কন।
আয়োজকদের মতে, ‘হ্যালোইন স্পুকট্যাকুলার ৩.০’-এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও দলগত উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি চলচ্চিত্র, নাটক ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে তাঁদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হয়েছে।