আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
অনলাইনে যেভাবে ফল জানা যাবে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিচের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে
https://eduboardresults.gov.bd
https://educationboardresults.gov.bd
এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের দুটি কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএসের ফরম্যাট:
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে লিখতে হবে:
HSC Dha 123456 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এদিকে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।
আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।