বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে স্বজনেরা মরদেহ নিয়ে উত্তরায় তাঁর বাসার উদ্দেশে রওনা হন।
এর আগে বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় নিহতের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
-টিএস