রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, জলবায়ু সহনশীলতা ও চাষাবাদসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে উইনরক ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
তিনি গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ ও মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সংস্থাটিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা ও কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা ও অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধে কাজ করছে।
এসএস