ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় সম্মান জানায়। পরে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

একই মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরিফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ। জানাজার আগে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা এবং ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহম্মদ শফিকুর রহমান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বনানীর নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শফিকুর রহমান মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শফিকুর রহমান ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শফিকুর রহমান পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement