নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের তালিকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তিনটি জনপ্রিয় টেলিভিশন সিরিজ।
লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ‘ব্রডচার্চ’, ‘লিটল উইমেন’ ও ‘মিনক্স’ সিরিজগুলো আর প্ল্যাটফর্মটিতে দেখা যাবে না।
নেটফ্লিক্সে চলতি মাসে নতুন সিনেমা ও সিরিজ যুক্ত হলেও বেশ কিছু পুরোনো কনটেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে নেটফ্লিক্সের নিজস্ব প্রযোজনার কিছু সিরিজও রয়েছে। ‘গিলমোর গার্লস: আ ইয়ার ইন দ্য লাইফ’ ২৫ নভেম্বর এবং ব্রিটিশ ডার্ক কমেডি সিরিজ ‘দ্য এন্ড অব দ্য ফ***ইং ওয়ার্ল্ড’ ৫ নভেম্বর সরিয়ে নেওয়ার কথা রয়েছে।
ব্রডচার্চ (২০১৩-২০১৭)
ব্রিটিশ অপরাধভিত্তিক টেলিভিশন সিরিজ ‘ব্রডচার্চ’-এর তিনটি মৌসুম আগামী ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। ডেভিড টেন্যান্ট ও অলিভিয়া কোলম্যান অভিনীত সিরিজটি নির্মাণ করেছেন ক্রিস চিবনল।
ছোট একটি শহরে সংঘটিত ভয়াবহ অপরাধ কীভাবে স্থানীয় মানুষের জীবন ও সমাজকে বিপর্যস্ত করে, তা উঠে এসেছে সিরিজটিতে। প্রথম মৌসুমে ১১ বছর বয়সী ড্যানি ল্যাটিমারের মৃত্যুর তদন্ত করেন গোয়েন্দা অ্যালেক হার্ডি ও এলি মিলার। দ্বিতীয় মৌসুমে মামলাটির বিচারিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তৃতীয় মৌসুমে যৌন নিপীড়নের একটি ঘটনা তদন্তে ফেরেন দুই গোয়েন্দা।
তিন মৌসুমে মোট ২৪টি পর্ব রয়েছে। পুরো সিরিজ দেখতে প্রায় ১৮ ঘণ্টা ৪৪ মিনিট সময় লাগবে।
লিটল উইমেন (২০১৭)
লুইসা মে অলকটের বিখ্যাত উপন্যাস অবলম্বনে বিবিসি ও পিবিএসের যৌথ প্রযোজনায় নির্মিত তিন পর্বের মিনিসিরিজ ‘লিটল উইমেন’ আগামী ১ নভেম্বর নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।
হেইডি থমাসের চিত্রনাট্যে নির্মিত সিরিজটিতে মার্চ পরিবারের চার বোনের জীবন, সম্পর্ক, সংগ্রাম ও স্বপ্নের গল্প তুলে ধরা হয়েছে। এতে জো মার্চের চরিত্রে মায়া হক, অ্যামির চরিত্রে ক্যাথরিন নিউটন, মেগের চরিত্রে উইলা ফিটজেরাল্ড এবং বেথের চরিত্রে অ্যানেস এলউই অভিনয় করেছেন। এ ছাড়া লরি চরিত্রে জোনাহ হাওয়ার-কিং এবং মারমি চরিত্রে এমিলি ওয়াটসনকে দেখা গেছে।
প্রায় ২ ঘণ্টা ৫৪ মিনিটের এই সিরিজটি এক বিকেলেই দেখা সম্ভব।
মিনক্স (২০২২-২০২৩)
কমেডি ও নাটকের মিশেলে নির্মিত ‘মিনক্স’ সিরিজটি আগামী ৪ নভেম্বর নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে। ১৯৭০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত সিরিজটির গল্পে উঠে এসেছে নারীদের জন্য প্রথম যৌন আবেদনময় সাময়িকী প্রকাশের উদ্যোগ।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র জয়েস একজন উচ্চাকাঙ্ক্ষী নারীবাদী। তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন সাময়িকীর প্রকাশক ডগের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নতুন এই উদ্যোগ শুরু করেন। জয়েসের চরিত্রে ওপেলিয়া লাভিবন্ড এবং ডগের চরিত্রে জেক জনসন অভিনয় করেছেন।
এইচবিও ম্যাক্সের জন্য নির্মিত সিরিজটি প্রথমে দ্বিতীয় মৌসুমের অনুমোদন পেলেও প্রযোজনা চলাকালেই বাতিল করা হয়। পরে স্টারজ সিরিজটির দ্বিতীয় মৌসুমের দায়িত্ব নেয়, যা ২০২৩ সালের জুলাইয়ে প্রচারিত হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সিরিজটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসে।
প্রায় নয় ঘণ্টার এই সিরিজটি নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়ার আগে দেখার সুযোগ থাকছে দর্শকদের হাতে।
সূত্রঃ স্ক্রিনর্যান্ট
এসএস