জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এবং এমি পুরস্কারজয়ী অভিনেতা এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।
রোববার (২৫ অক্টোবর) তাঁর পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর জানানো হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের তথ্য অনুযায়ী, উচ্চ রক্তচাপজনিত হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে।
ওয়ার্নার ব্রাদার্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লুনি টিউনস’-এ কাজের মাধ্যমে বিশেষ পরিচিতি পান বাউজা। বাগস বানি ও ড্যাফি ডাক ছাড়াও টুইটি, পর্কি পিগ, মারভিন দ্য মার্শিয়ান, ফগহর্ন লেগহর্ন, এলমার ফাড, পেপে ল্যু পিউ ও রোড রানারের মতো জনপ্রিয় চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি।
‘লুনি টিউনস কার্টুনস’, ‘বাগস বানি বিল্ডার্স’ ও ‘স্পেস জ্যাম: আ নিউ লিগ্যাসি’ তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। এ ছাড়া ‘রেন অ্যান্ড স্টিমপি অ্যাডাল্ট পার্টি কার্টুন’-এ স্টিমপি এবং উডি উডপেকারের চরিত্রেও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস’, ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’, ‘রিক অ্যান্ড মর্টি’ ও ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’-এর মতো জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজেও কাজ করেছেন বাউজা।
২০২২ সালে ‘লুনি টিউনস কার্টুনস’-এ কণ্ঠ দেওয়ার জন্য শিশু ও পরিবারকেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানের প্রথম এমি পুরস্কার আয়োজনে সেরা কণ্ঠ অভিনয়ের পুরস্কার পান তিনি। পরে ‘বাগস বানি বিল্ডার্স’-এ কাজের জন্যও এমি পুরস্কার অর্জন করেন।
বাউজার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কায়োট ভার্সেস অ্যাকমি’ চলচ্চিত্র। ২০২৩ সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ছবিটির মুক্তি স্থগিত করলে দর্শক ও চলচ্চিত্রশিল্পের কর্মীদের মধ্যে সমালোচনা দেখা দেয়। বাউজা ছবিটি মুক্তির পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। পরে কেচাপ এন্টারটেইনমেন্ট ছবিটির স্বত্ব অধিগ্রহণ করে। ২০২৬ সালের ২৮ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সূত্রঃ স্ক্রিনর্যান্ট
এসএস