বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা জোরদার এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এগিয়ে নিতে তিন দিনের সরকারি সফরে আজ রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ড. বারবেল কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো সফরকালে আলোচনায় গুরুত্ব পাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি দুই দেশের যৌথ অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চায়। এলডিসি থেকে উত্তরণ এবং দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার প্রেক্ষাপটে এবারের আলোচনা প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানে গুরুত্ব দেবে।
সফরকালে ড. কফলার বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান পুনর্মিলন দিবস’-এর অনুষ্ঠানেও যোগ দেবেন জার্মান ভাইস মিনিস্টার। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৯০ সালের ৩ অক্টোবর কয়েক দশকের বিভক্তির অবসান ঘটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একত্র হয়। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণ করে প্রতিবছর জার্মান পুনর্মিলন দিবস উদযাপন করা হয়।
জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. বারবেল কফলারের এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় দুই দেশের উন্নয়ন অংশীদারত্বকে আরও কার্যকর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি করবে এ সফর।
এসএ