ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে শহরের কোর্ট রোডের ওই ভবনের তৃতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীসহ এনসিপির ঝালকাঠি জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক ঝালকাঠি শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার এবং তাঁর ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার। একসময় ওই ভবনেই শহর আওয়ামী লীগের কার্যালয় ছিল।
ভবনটি এনসিপির কার্যালয়ের জন্য ভাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে মালিক লিয়াকত আলী তালুকদার সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে মিঠু তালুকদার অফিসটি ভাড়া দিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না।
মিঠু তালুকদার জানান, মাসিক ১২ হাজার টাকা ভাড়া এবং দুই লাখ টাকা অগ্রিম নিয়ে এনসিপিকে কার্যালয়ের জন্য ভবনটি ভাড়া দেওয়া হয়েছে।
এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, “আমরা আসলে কোনো অফিস খুঁজে পাচ্ছিলাম না। কোনো জায়গা পেলেও মালিকেরা ভাড়া দিতে চাইতেন না। এখানে অনুরোধ করার পর তাঁরা ভাড়া দিতে রাজি হন। দুই লাখ টাকা অগ্রিম এবং ১২ হাজার টাকা মাসিক ভাড়ায় আমরা অফিস নিয়েছি।”
ভবনের মালিক ও তাঁর পরিবারের রাজনৈতিক পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয় উল্লেখ করে এনসিপিকে কার্যালয় ভাড়া দেওয়ার মাধ্যমে তাঁরা কোনো ধরনের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে, যে ভবনে একসময় আওয়ামী লীগের শহর কার্যালয় ছিল, সেখানে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
-টিএস