ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
শনিবার (১৭ অক্টোবর) তিনি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, জনগণের সমর্থন নিয়ে ও জনগণের সেবা করার উদ্দেশ্যে শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। গত ১ অক্টোবর তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সংসদ সচিবালয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর।
মেঘনা আলম এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি ৬০৮ ভোট পেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মেঘনা আলমের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এসএস