ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে কায়রোগামী একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে ক্ষেপণাস্ত্র দুটি বিমানটিতে আঘাত হানেনি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি এ তথ্য জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, ৬১২ নম্বর ফ্লাইটটি মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি বিদ্রোহীরা।
আল-ইরিয়ানি জানান, ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং রানওয়ের মাঝামাঝি অংশ থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ হামলাকে বেসামরিক বিমানবন্দর, যাত্রী ও বিমানকর্মীদের জীবনের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী। তাঁর ভাষায়, এটি আকাশপথে চলাচলের নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) তাইজ শহরের দক্ষিণে আল-মিসরাখ জেলার ধি আল-বারিহ ও জাবা এলাকায় হুতি অবস্থান লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তাইজ সামরিক কমান্ডের এক ইয়েমেনি সামরিক সূত্র।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে জোট বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ আল-মাশিক লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। ইয়েমেন সরকারের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হন। তবে হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড/আনাদুলু এজেন্সি