ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপককে মুক্তি দিয়েছেন আদালত। শনিবার (১৭ অক্টোবর) ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তি বিঘ্নিত করবেন না—এমন অঙ্গীকারের শর্তে তাঁকে মুক্তি দেওয়া হয়।
দিল্লির মন্দির মার্গ থানায় ম্যাজিস্ট্রেট গিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন। পরে সেখান থেকে বেরিয়ে আসেন অভিজিৎ।
অভিজিতের সঙ্গে সিজেপির আরেক তরুণ নেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছিল। পরে পুলিশ জানায়, তাঁদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে সমাবেশের ঘোষণা দিয়েছিল সিজেপি। ওই দিন অভিজিৎ দিল্লিতে পৌঁছানোর পর তাঁর দুই সহযোগী আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে আটক করা হয়। এক দিন পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল।
পরে আশুতোষ ও সৌরভ যন্তরমন্তরে গিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে অভিজিৎ ১৬ অক্টোবর দিল্লির সেন্ট্রাল পার্কে ‘পতাকা উড়াও’ কর্মসূচির ঘোষণা দেন। তবে ওই দিন সেখানে কাউকে জড়ো হতে দেওয়া হয়নি।
সূত্রঃ এনডিটিভি
এসএস