হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে অপরিশোধিত তেলবাহী দুটি সুপার ট্যাংকারে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক পথ দিয়ে চলাচলের সময় মাইনের সঙ্গে ধাক্কা খায়।
আইআরজিসির দাবি, দ্বিতীয় ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নেভিগেশন ও রাডার ব্যবস্থা বন্ধ রেখে অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করছিল। এ সময় নৌমাইনে আঘাত লাগার পর ইঞ্জিন কক্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়।
তবে ট্যাংকার দুটির নাম, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলে বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এই নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এসএস