গাজা উপত্যকায় ২০২৫ সালের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৩৪০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েক শ শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে।
তিনি জানান, গত দুই সপ্তাহে হামলায় পাঁচ ছেলে ও দুই মেয়েশিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া অন্তত ৩৩ শিশু গুরুতর আহত হয়েছে।
বাস্তুচ্যুত প্রায় ৮ লাখ শিশু
ইউনিসেফের মুখপাত্রের তথ্যমতে, গাজায় প্রায় ৮ লাখ শিশু এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়ে বেঁচে আছে।
আসন্ন শীতের মাসগুলোতে এসব শিশুর পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন পিরেস। তার ভাষ্য অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অস্বাস্থ্যকর, অনিরাপদ ও অমানবিক পরিবেশে শীতকাল কাটাতে হতে পারে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রাণহানি, অবরোধ ও বাস্তুচ্যুতি অব্যাহত থাকায় গাজার শিশুদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নিরাপদ আশ্রয়, শীতবস্ত্র এবং মৌলিক জীবনধারণের সুযোগের অভাব তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলতে পারে।
এসএ