সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য অর্জনে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা শুধু সড়কের অবকাঠামোর ওপর নির্ভরশীল নয়। যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, উপযুক্ত ও দক্ষ চালক নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার উদ্বেগজনক। এ পরিস্থিতির উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। সড়ক যোগাযোগের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কৌশলও প্রণয়ন করা হয়েছে। এসব উদ্যোগের সুফল দ্রুত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএইচ/আরএন