চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে কুপিয়ে আহত করে সাড়ে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধাওয়া করে দুজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা বাগানে ফেরার পথে বাগানের ফটকের আগে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজার ব্যাংক থেকে টাকা তুলে বাগানে ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে। একপর্যায়ে তাঁদের কুপিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও আহত দুই কর্মকর্তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরএন