আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকবে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংকগুলোতে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলার লেটার নম্বর ১৫-তে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
আরএন