কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে সীমান্তে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাহাজুল মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে গেলে এক ভারতীয় নাগরিকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জেরে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।
এদিকে, ঘটনার পর সীমান্তবর্তী মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন।
বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্কতামূলকভাবে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে।
এসএস