প্রতিদিনের মতো শনিবার সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন দুই নারী। হাঁটা শেষে বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। হয়তো স্বজনেরাও তাঁদের ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তাঁদের। বাড়ি ফেরার আগেই দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় প্রাণ হারান তাঁরা। মুহূর্তেই থেমে যায় দুটি জীবন, আর স্বজনদের অপেক্ষা পরিণত হয় শোকে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বালাপাড়া এলাকার জহিলা বেগম (৫৫) ও ফজিলা বেগম (৫০)। জহিলা বেগম আজিজারের স্ত্রী এবং ফজিলা বেগম আব্দুল করিমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই দুই নারী প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/আরএন