কানাডায় উচ্চশিক্ষায় নারীদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২৫ থেকে ৬৪ বছর বয়সী নারীদের ৭১ শতাংশের কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা ছিল। ২০১৫ সালে এ হার ছিল ৬১ শতাংশ।
একই বয়সসীমার পুরুষদের মধ্যে ২০২৫ সালে কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জনের হার ছিল ৫৭ শতাংশ, যা ২০১৫ সালে ছিল ৪৯ শতাংশ। অর্থাৎ, উচ্চশিক্ষার যোগ্যতা অর্জনের হারে নারীরা পুরুষদের চেয়ে ১৪ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
গত এক দশকে কানাডায় নারী-পুরুষ উভয়ের শিক্ষাগত যোগ্যতা অর্জনের হার বেড়েছে। তবে নারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার অবদান ছিল উল্লেখযোগ্য। স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারী নারীর সংখ্যাও বেড়েছে।
অন্যদিকে, পুরুষদের মধ্যে কর্মক্ষেত্রভিত্তিক দক্ষতা অর্জনের জন্য কলেজ পর্যায়ের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রবণতা তুলনামূলক বেশি। ফলে নারী ও পুরুষের শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে।
স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির ২৫ থেকে ৬৪ বছর বয়সী জনগোষ্ঠীর ৬৪ শতাংশের কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা ছিল। ২০১৫ সালে এ হার ছিল ৫৫ শতাংশ। অর্থাৎ, এক দশকে কানাডার কর্মক্ষম বয়সী জনগোষ্ঠীর মধ্যে উচ্চশিক্ষার যোগ্যতা অর্জনের হারও বেড়েছে।
শিক্ষায় নারীদের এই অগ্রগতি দেশটির শ্রমবাজার ও পেশাগত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ। তবে উচ্চশিক্ষায় এগিয়ে থাকার পাশাপাশি কর্মক্ষেত্রে সমান সুযোগ, বেতনবৈষম্য কমানো এবং বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ বাড়ানোও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এসএ