ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেছে সৌদি আরব। ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট ছিলেন। হামলায় সংস্থাটির একটি যাত্রীবাহী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ও একটি বিমান লক্ষ্য করে দুটি হামলা চালানো হয়। এতে পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। হামলার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।
শুক্রবার (৯ অক্টোবর) সৌদিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ঘটনার পরপরই জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়। হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে সৌদি সরকার।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলায় বিভিন্ন দেশের নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্র: সৌদি গ্যাজেট
-টিএস