বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন লাওতারো মার্তিনেজ। কয়েক মিনিট পর বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো আত্মঘাতী গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-০। ১২ মিনিটে জিয়ানলুকা প্রেত্তিয়ানি গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দেন।
এরপর নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ গোল করলে বিরতিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি। আরও দুই গোল করে শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার হয়ে লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেত্তিয়ানি, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের পাশাপাশি দ্বিতীয়ার্ধে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা সিমিওনে গোল করেন। একটি গোল আসে আত্মঘাতী থেকে।
এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর একই মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে মেসির বিদায়পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে।
এফএস