ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে শুক্রবার (২ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ১১টি মেট্রো স্টেশন এবং স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে।
যন্তর মন্তর ও আশপাশের এলাকায় দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিউ দিল্লি জেলায় প্রায় ৫ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। অনুমতি না থাকায় বিক্ষোভ ঠেকাতে আম আদমি পার্টির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজসহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআরের আওতায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং নির্বাচন কমিশনের কার্যক্রমে আরও স্বচ্ছতা প্রয়োজন। নির্বাচন কমিশন অবশ্য বলছে, ভোটার তালিকা সংশোধন আইন মেনেই হচ্ছে এবং এর উদ্দেশ্য ভুল বা অযোগ্য নাম বাদ দেওয়া।
এদিকে দিল্লির পাশাপাশি মুম্বাইয়েও বিক্ষোভের কর্মসূচি রয়েছে। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইন্ডিয়া জোটও ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির ঘোষণা করেছে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস।
আরএন