মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভিয়াগর সমুদ্রসৈকতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় নিহত সবাই পুনের আলান্দির একটি বেসরকারি কোচিং সেন্টার উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, ২৫ ছেলে, ১৭ মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জনের দলটি পিকনিকের জন্য দিভিয়াগর সৈকতে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামলে প্রবল স্রোতে তারা ভেসে যায়। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পারায় তারা বিপদে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। পরে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের সবার বয়স ১৬ বছর। তারা হলেন যশ কিরণ ওয়ানখেড়ে, সোহম তুকারাম ভান্ডভালকর, তন্ময় দত্তাত্রেয় ভাহিলে, কৌস্তভ সন্দীপ দাউন্ড, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, প্রণব রামদাস বানসোদ ও সুমিত ভারত আহিরে।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় শিবসেনা বিধায়ক মহেন্দ্র দালভি বলেন, সমুদ্রের জোয়ার, পানির গভীরতা ও স্রোতের ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের যথাযথভাবে সতর্ক করা প্রয়োজন ছিল।
এদিকে নিহতদের মরদেহ আলান্দিতে পাঠানোর পাশাপাশি জীবিত শিক্ষার্থীদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
এফএস