হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ বিভাগে নিশ্চিত হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ শিশুর।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আরএন