চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির জেরে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকের ভেতরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, থানার গেটে গাড়ি পার্কিং নিয়ে দায়িত্বে থাকা কনস্টেবল শফিকুল ইসলামের সঙ্গে ইসমাইল হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডার মধ্যে ইসমাইল ওই পুলিশ সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে শফিকুল আহত হলে সেখানে থাকা অন্য পুলিশ সদস্যরা ইসমাইলকে আটক করে থানায় নিয়ে যান। পরে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়।
ইসমাইল হোসেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। এ সময় তারা তাকে ছেড়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর বলেন, গাড়ি রাখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সদস্যের আচরণে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা এ ঘটনা ঘটান।
ঘটনার পর পুলিশ যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এফএস