চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের শেখপাড়া এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কবিরাজপাড়া এলাকার নবাবের বাগানে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকেই ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নবাবের বাগানে বিস্ফোরণের পর ঘটনাস্থলে মানুষের আঙুল, হাড় ও মাংসের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। তবে আহত দুইজনের পরিচয় ও তাদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের সময় কেউ হাতে ককটেল ধরে ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক মো. আব্দুল ওদুদ মহরী এবং একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিনের অনুসারীদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইকড়তলা মোড়ে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডাও হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, শেখপাড়া ও কবিরাজপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও তাদের পরিচয় ও আহত হওয়ার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/ এফএস