রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় জিসান (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে আহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জিসানকে পরে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ফুফু রুনা জানান, বুধবার দুপুরে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলছিল জিসান। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জিসানের বাড়ি আগারগাঁওয়ের বিএনপি বস্তিতে। তার বাবা মো. বাবু একটি দোকানের কর্মচারী। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস