ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে অনুশীলনে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তিরুবনন্তপুরমে শুক্রবার অনুশীলনের সময় ডান কনুইয়ে বলের আঘাত পান এই ব্যাটার।
মোহাম্মদ সিরাজের বলে ব্যাটিং করার সময় লাফিয়ে ওঠা একটি লেংথ বল গিলের ডান কনুইয়ে আঘাত করে। ব্যথায় সঙ্গে সঙ্গে অনুশীলন থেকে সরে যান তিনি। ভারতের ফিজিওথেরাপিস্ট দ্রুত তার কাছে ছুটে যান। সিরাজ ও পাশের নেটে থাকা বিরাট কোহলিও পরে গিলের খোঁজ নেন। সাপোর্ট স্টাফরা তার হাতে ব্যান্ডেজ করে দিলে বাকি সময় তিনি পুনর্বাসনেই কাটান এবং আর ব্যাটিংয়ে ফেরেননি।
তবে অনুশীলন শেষে গিলকে খুব বেশি অস্বস্তিতে দেখা যায়নি। এমনকি গুরনুর ব্রারের সঙ্গে হাসি-ঠাট্টাও করতে দেখা গেছে তাকে। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ফলে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার জন্য গিলের হাতে রয়েছে ২৪ ঘণ্টার কিছু বেশি সময়।
এর আগে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতেও চোটের শঙ্কায় পড়েছিলেন গিল। নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেলেও পরে সুস্থ হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন তিনি। এবারও তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করছে ভারতীয় দলের মেডিকেল টিম।
চোট পাওয়ার আগে অবশ্য অনুশীলনে ভালো ছন্দেই ছিলেন গিল। কোহলি, রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে প্রথম দিকের ব্যাটার হিসেবে নেটে নামেন তিনি এবং গুরনুর ব্রারের বিপক্ষে কয়েকটি দারুণ ড্রাইভ খেলেন।
চলতি বছরে ভারতীয় দলে চোটের সমস্যা নিয়ে উদ্বেগ রয়েছে। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়াও সম্প্রতি বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছেন। নীতিশ কুমার রেড্ডি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর বিভিন্ন সময়ে চোটে পড়েছেন। বুমরাহ ও নীতিশ ফিরলেও পান্ডিয়া ও হর্ষিত এখনো মাঠের বাইরে।
এসএস