ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিগত সরকারের টিকা কর্মসূচির গাফিলতিতে বহু শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম
X
Advertisement

বিগত সরকারের সময়ে হামের টিকাদান কর্মসূচিতে দীর্ঘ চার বছর গাফিলতি ও বিলম্বের কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে দেশব্যাপী ব্যাপক পরিসরে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বনানীর কড়াইল টিএনটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং ওপেন টেন্ডার সিস্টেমের অজুহাতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানিতে আগের সরকারের দীর্ঘসূত্রতা ও গাফিলতির খেসারত জাতিকে দিতে হয়েছে। এতে অনেক মায়ের বুক খালি হয়েছে।

গভীর সমবেদনা প্রকাশ করে তিনি জানান, প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুর মধ্যে এক হাজারের মতো শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিটি শিশুর মৃত্যু সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জার বিষয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গত ৫ এপ্রিল থেকে তিন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু করে। সর্বশেষ ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই কর্মসূচি চালিয়ে প্রায় এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পেইনে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য এই ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ১০ লাখ টিকা সংরক্ষিত রয়েছে। স্বাভাবিক টিকাদান কর্মসূচির আওতায় এসব টিকা দেওয়া অব্যাহত থাকবে।

পুষ্টিহীনতা ও নিউমোনিয়ার ঝুঁকি নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতার কারণে হাম-পরবর্তী সময়ে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আইসিডিডিআরবির চিকিৎসকদের দেশীয় উদ্ভাবন—মাত্র ১৫০ টাকা খরচে পানির বোতলে নাইট্রাস পেপারের মাধ্যমে কৃত্রিম অক্সিজেন সরবরাহের পদ্ধতির প্রশংসা করেন তিনি। মন্ত্রী বলেন, এই দেশীয় প্রযুক্তির মাধ্যমে হাজার হাজার শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

মহামারি ও সংকটে দেশের চিকিৎসকদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার মতো বৈশ্বিক সংকটেও আমাদের চিকিৎসকরা জীবন বাজি রেখে কাজ করেছেন। উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের চিকিৎসকদের আত্মত্যাগ ও নিষ্ঠার কারণে মৃত্যুর হার অনেক কম ছিল। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement