রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন, ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাময়িক অর্থসহায়তা দিয়ে এ সংকটের সমাধান হবে না; রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিলেও তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সংকটের চূড়ান্ত সমাধান হলো রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়া। তবে মিয়ানমারে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ একা কিছু করতে পারবে না। এ জন্য চীন ও ভারতকে অবশ্যই এগিয়ে আসতে হবে। পাশাপাশি মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। জাতিসংঘ উদ্যোগ নিলে এ সংকটের সমাধানের পথ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন গোষ্ঠী একেকটি এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে কার সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। সেখানে প্রায় দুই লাখ মানুষকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা দেশের অন্যান্য এলাকার সঙ্গে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং সেখানে বিভিন্ন অমানবিক ঘটনা ঘটলেও সেগুলো বাইরে আসার সুযোগ নেই।
তবে সাময়িকভাবে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি। তাদের উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণ দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বাংলাদেশ সরকারের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন শফিকুর রহমান।
এসএস