আফগানিস্তান থেকে জঙ্গিদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা ব্যর্থ করার পর দেশটির সীমান্ত ফাঁড়িতে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তানি বাহিনী দাবি করেছে, আফগান তালেবান বাহিনীর ছোড়া আটটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিয়া ও নানগারহার প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। তাদের দাবি, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান তালেবান বাহিনী মর্টার ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। জবাবে পাকিস্তানি বাহিনীও তালেবানের সীমান্ত ফাঁড়ি, মর্টার স্থাপনা ও প্রতিরক্ষা অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার তোরখাম সীমান্ত ও কোহাটের কাছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তের কাছে এবং বাকি চারটি কোহাটের কাছে ভূপাতিত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, পাল্টা হামলার মুখে আফগান তালেবান বাহিনী একাধিক অবস্থান ছেড়ে পিছু হটতে বাধ্য হয় এবং তাদের বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন। তবে এসব দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান বাহিনীর হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এর আগে পূর্ব আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত হয়েছে বলে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় দাবি করেছিল। তবে আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক মিশনও বেসামরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক এই সংঘাতের মধ্য দিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। কয়েক মাসের সীমান্ত সংঘাতের পর চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় যে আপেক্ষিক শান্তির উদ্যোগ চলছিল, নতুন করে সংঘাতের কারণে তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগানিস্তানে পাকিস্তানবিরোধী ২৪টির বেশি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানি কর্তৃপক্ষ দেশটিতে সাম্প্রতিক হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের মিত্রদের দায়ী করে আসছে। তবে এসব হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: এবিসি নিউজ, ডন
এসএস