ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাদি হত্যার আসামি ফয়সালের বিরুদ্ধে দুই মামলা করবে দুদক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে কোটি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

একই ঘটনায় ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের অভিযোগে বলা হয়, জাল টেন্ডার বিজ্ঞপ্তি তৈরি করে দুটি কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত করার কথা বলে টেন্ডার সিকিউরিটি বাবদ ৯৫ লাখ ৬৯ হাজার টাকার পে-অর্ডার নেওয়া হয়। পরে জাল ও বানোয়াট ট্রেড লাইসেন্স ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নামে ব্যক্তিমালিকানাধীন ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাবের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, জাল দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইনডিড ক্লাউড বিডির হিসাব থেকে অর্থ প্রথমে ফয়সালের নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান এপল সফট আইটির হিসাবে নেওয়া হয়। পরে তা তার নিজের নামে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়। সবশেষে তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে একই ব্যাংকের বেনারশী-পল্লী উপশাখায় এফডিআর করা হয়।

এ ঘটনায় ফয়সাল করিম মাসুদ, ব্যাংক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও মো. সারোয়ার হোসেন এবং ফয়সালের স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার নামে ৬৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা প্রয়োগ করা হবে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন হাদি। ছয়দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্তে তার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বড় অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে আসে। ২০২৫ সালের ডিসেম্বরে সিআইডি ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল।

এর আগে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement