সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন রাষ্ট্রদূত।
তিনি জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক, ইমিগ্রেশন ও শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশে বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং থানা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনে সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিনিধি দলটি দেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।
বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার এবং দেশটিতে থাকা চীনা নাগরিক ও বিভিন্ন প্রকল্পের কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ