ইতিহাসের পাতায় আজ ২১ সেপ্টেম্বর। বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং নানা আন্তর্জাতিক ও জাতীয় দিবসের সঙ্গে দিনটি স্মরণীয় হয়ে আছে।
১৭৯২ সালের এই দিনে ফরাসি জাতীয় কনভেনশন রাজতন্ত্র বিলুপ্ত করে ফ্রান্সকে প্রজাতন্ত্র ঘোষণা করে। ১৮৫৭ সালে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ১৯৩৭ সালে জে. আর. আর. টলকিনের বিখ্যাত কল্পকাহিনি ‘দ্য হবিট’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬৪ সালের ২১ সেপ্টেম্বর ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে মাল্টা। ১৯৬৫ সালে গাম্বিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপ জাতিসংঘের সদস্য হয়। ১৯৭৬ সালে জাতিসংঘের সদস্য হয় সেশেলস। ১৯৮১ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বেলিজ। একই দিনে সান্দ্রা ডে ও’কনর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে সিনেটের সর্বসম্মত অনুমোদন পান।
১৯৯১ সালে আর্মেনিয়া স্বাধীনতার পক্ষে গণভোট আয়োজন করে। ১৯৯৩ সালে রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হলে প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ২০১৩ সালে কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণিবিতানে সশস্ত্র হামলায় ৬৭ জন নিহত হন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন।
জন্ম
১৮৬৬ সালে ইংরেজ ঔপন্যাসিক ও বিজ্ঞান কল্পকাহিনি লেখক এইচ. জি. ওয়েলস, ১৯৩৪ সালে কানাডীয় কবি ও গীতিকার লিওনার্ড কোহেন, ১৯৪৭ সালে মার্কিন লেখক স্টিফেন কিং, ১৯৫০ সালে অভিনেতা ও কৌতুকশিল্পী বিল মারে, ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড, ১৯৬৭ সালে মার্কিন গায়িকা ফেইথ হিল এবং ১৯৭২ সালে ‘ওয়েসিস’ ব্যান্ডের সদস্য লিয়াম গ্যালাঘার জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৫৫৮ সালে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট পঞ্চম চার্লস, ১৮৩২ সালে স্কটিশ ঔপন্যাসিক ও কবি স্যার ওয়াল্টার স্কট, ১৮৬০ সালে জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার এবং ১৯৮২ সালে সোভিয়েত সামরিক নেতা ইভান বাগরামিয়ান মৃত্যুবরণ করেন।
দিবস
আজ আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। এ ছাড়া মাল্টা, আর্মেনিয়া ও বেলিজে আজ স্বাধীনতা-সংশ্লিষ্ট বিশেষ দিবস পালিত হয়।
এফএস