সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে রেডিও কলোনি এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে বাসটির কিছু সিট পুড়ে গেছে।
এসএ