রাস্তায় নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের বগুড়ার মাটিডালি বিমান মোড়ের পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাস্তায় চলাচলের সময় নারীরা নিরাপত্তা পাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং তিনি মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
লং মার্চের প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতেই এ কর্মসূচি। জনগণের দেওয়া রায় বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
সাত মাসের সরকারের সময়ে লং মার্চ কেন—এমন সমালোচনার জবাবে নাহিদ বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা সময় দিতে চান না। গণভোটের রায় বাস্তবায়ন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি কুমিল্লায় নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাও উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বগুড়াবাসীকে ১১ দলের আট দফা দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
এসএস