ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টিভির স্ক্রিন পরিষ্কার করতে গিয়ে যে ভুলগুলো করবেন না
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ১৮.০৯.২০২৬ ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভালো সিনেমা কিংবা প্রিয় সিরিজ বড় পর্দায় দেখার আনন্দই আলাদা। তাই শখ করে অনেকেই ঘরে বড় আকারের এলসিডি বা এলইডি টেলিভিশন রাখেন। কিন্তু নিয়মিত ব্যবহার না হলে টেলিভিশনের পর্দায় ধুলার আস্তরণ জমে যায়। দূর থেকে খুব একটা বোঝা না গেলেও পর্দায় আলো পড়লেই স্পষ্ট হয়ে ওঠে জমে থাকা ধুলা ও দাগ।

টেলিভিশনের পর্দা পরিষ্কার করা কঠিন কোনো কাজ নয়। তবে সাধারণ কাচ বা টেবিল পরিষ্কারের মতো করে পর্দা মুছলে ক্ষতি হতে পারে। ভুল কাপড়, অতিরিক্ত চাপ কিংবা অনুপযুক্ত পরিষ্কারক ব্যবহারে পর্দায় দাগ বা আঁচড় পড়ার আশঙ্কা থাকে। তাই টিভি পরিষ্কারের সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখা জরুরি।

প্রথমেই টিভি বন্ধ করুন

পরিষ্কার করার আগে টেলিভিশনটি বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিন। পর্দা ঠান্ডা হওয়ার পর পরিষ্কারের কাজ শুরু করুন। এতে নিরাপত্তার পাশাপাশি পর্দায় কোথায় ধুলা বা দাগ রয়েছে, সেটিও ভালোভাবে বোঝা যায়।

ধুলা দূর করতে নরম কাপড় ব্যবহার করুন

পর্দায় শুধু ধুলা জমে থাকলে আলাদা কোনো তরল ব্যবহারের প্রয়োজন নেই। পরিষ্কার, শুকনো ও নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো হাতে পুরো পর্দা মুছে নিন। খুব নরম সুতি কাপড়ও ব্যবহার করা যেতে পারে।

তবে কাপড় দিয়ে পর্দায় জোরে ঘষাঘষি করা যাবে না। টেলিভিশনের পর্দা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অতিরিক্ত চাপ প্রয়োগ করলে ক্ষতি হতে পারে।

দাগ থাকলে কী করবেন?

ধুলার পাশাপাশি পর্দায় অনেক সময় আঙুলের ছাপ বা হালকা দাগও পড়ে। এ ক্ষেত্রে টেলিভিশন প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পর্দার জন্য উপযোগী পরিষ্কার করার ওয়াইপ ব্যবহার করা যেতে পারে।

তবে কোনো তরল বা পরিষ্কারক সরাসরি পর্দার ওপর ঢালা বা ছিটানো যাবে না। প্রয়োজন হলে কাপড়ে অল্প পরিমাণ পরিষ্কারক নিয়ে খুব আলতোভাবে পর্দা মুছতে হবে। অবশ্যই নির্দিষ্ট টেলিভিশন মডেলের নির্দেশিকা আগে দেখে নেওয়া উচিত।

একই দিকে ধীরে ধীরে মুছুন

পর্দা পরিষ্কারের সময় এলোমেলোভাবে ঘষাঘষি না করে একই দিকে ধীরে ধীরে কাপড় চালান। এতে ধুলা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা কমে।

এ সময় কাপড়টিও পরিষ্কার থাকা জরুরি। ময়লা কাপড় দিয়ে বারবার পর্দা মুছলে ধুলা ও দাগ আরও ছড়িয়ে যেতে পারে।

যেসব ভুল করা যাবে না

টেলিভিশনের পর্দা পরিষ্কার করার সময় যেকোনো ধরনের রাসায়নিক স্প্রে ব্যবহার করা ঠিক নয়।

কাচ পরিষ্কারের স্প্রে, শক্তিশালী রাসায়নিক বা অ্যালকোহলযুক্ত কোনো পরিষ্কারক ব্যবহারের আগে অবশ্যই টেলিভিশন প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নিতে হবে। কারণ সব ধরনের পর্দায় একই পরিষ্কারক ব্যবহার করা নিরাপদ নয়।

এ ছাড়া টিস্যু পেপার, খসখসে কাপড় বা এ ধরনের উপকরণ ব্যবহার করা উচিত নয়। এগুলো পর্দায় সূক্ষ্ম আঁচড় ফেলতে পারে কিংবা কাগজের কণা আটকে থাকতে পারে।

টেলিভিশনের ম্যানুয়াল কাজে লাগান

নতুন টেলিভিশনের সঙ্গে দেওয়া ব্যবহারবিধির বই বা ম্যানুয়াল অনেকেই পরে আর দেখেন না। অথচ সেখানে পর্দা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকতে পারে।

বিশেষ করে কোন ধরনের কাপড়, পরিষ্কার করার তরল বা ওয়াইপ ব্যবহার করা যাবে না- তা মডেলভেদে আলাদা হতে পারে। তাই পর্দা পরিষ্কারের আগে ম্যানুয়ালের নির্দেশনা দেখে নেওয়াই নিরাপদ।

রিমোট পরিষ্কার করতেও ভুলবেন না

টেলিভিশনের পর্দার পাশাপাশি রিমোটও নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। রিমোট পরিষ্কারের আগে এর ব্যাটারি খুলে রাখুন। এরপর নরম কাপড় বা উপযোগী জীবাণুনাশক ওয়াইপ দিয়ে বাইরের অংশ মুছে নিন।

তবে বোতামের ফাঁকে তরল ঢুকে যেতে পারে- এমনভাবে ভেজা কাপড় ব্যবহার করা যাবে না।

নিয়মিত পরিষ্কার রাখাই সহজ উপায়

পর্দায় মোটা ধুলার স্তর জমে যাওয়ার অপেক্ষা না করে নিয়মিত শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতোভাবে ধুলা পরিষ্কার করুন।

টেলিভিশনের চারপাশেও যেন অতিরিক্ত ধুলা জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। দীর্ঘদিন টেলিভিশন ভালো রাখতে শুধু পর্দা নয়, বায়ু চলাচলের জায়গাসহ অন্যান্য অংশের যত্ন নেওয়ার ক্ষেত্রেও প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করুন।

সূত্র: অ্যাপার্টমেন্ট থেরাপি, ইন্ডিয়া টুডে

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement