বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Zulcan Fighting Championship (ZFC)’-এর দ্বিতীয় আসর ‘ZFC 2: Pride of Bangladesh’। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের ফাইটাররা অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ফাইটাররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফাইটারদের অফিসিয়াল ওজন পর্যবেক্ষণের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের মুখোমুখি করা হয়। পরে সাংবাদিক ও আয়োজকদের মধ্যে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন।
গত এপ্রিলে সফলভাবে আয়োজিত ‘ZFC 1: The Takeover’-এর পর এবারের আসরে মোট ১০টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে পাঁচটিই সরাসরি শিরোপার লড়াই। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘Bare-Knuckle Boxing’ বাউট। এতে তিন রাউন্ডের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চপ (Will Chope) মুখোমুখি হবেন ইরানের মোস্তফা আশুরির (Mostafa Ashouri)।
মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য পাঁচ রাউন্ডে মুখোমুখি হবেন বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও ও থাইল্যান্ডের থানাপাত থিতাম। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার ছয় রাউন্ডের লড়াইয়ে অংশ নেবেন সুর কৃষ্ণ চাকমা ও ইন্দোনেশিয়ার কুন্দিমাং।
এ ছাড়া ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুহাম্মদ রশিদ মুখোমুখি হবেন মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইয়ের। ZFC Boxing শিরোপার লড়াইয়ে সিঙ্গাপুরের শন রাফায়েল সানির প্রতিপক্ষ সিরাজুল রাব্বি।
অন্যান্য ম্যাচের মধ্যে প্রো-এমএমএতে লড়বেন মঞ্জুর আলম ও ইন্দোনেশিয়ার ফিলিপাস রাঙ্গা। নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডে মুখোমুখি হবেন সানজিদা জান্নাত ও মালয়েশিয়ার মেরেডি মাইকেল। পেশাদার বক্সিংয়ের অন্যান্য বাউটে রাকিব হোসেনের মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্র্যাক্স। আর সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইন্টাইয়ারের বিপক্ষে লড়বেন গনাদান চাকমা।
দিনের প্রথম বাউটে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে লড়বেন গাজী আরনাজ ও শম্পা ইসলাম।
নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে প্রতিটি রাউন্ডের সময় নির্ধারণ করা হয়েছে তিন মিনিট। মেইন ইভেন্টে বিরতি থাকবে দুই মিনিট এবং অন্যান্য বাউটে বিরতি থাকবে এক মিনিট।
টিবিজি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ ফাইটারদের জন্য বিশ্বমানের আন্তর্জাতিক মঞ্চ তৈরি করা এবং কমব্যাট স্পোর্টসকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করানোর লক্ষ্যেই জুলকান ইনডোর এরিনা নির্মাণ ও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।