স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লুইস দে লা ফুয়েন্তের মেয়াদ আরও ছয় বছর বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন ৬৫ বছর বয়সী এই কোচ। তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালে।
২০২২ সালের ডিসেম্বরে স্পেনের দায়িত্ব নেওয়ার পর থেকেই দে লা ফুয়েন্তের অধীনে সাফল্যের ধারায় রয়েছে দলটি। তাঁর কোচিংয়ে প্রতিযোগিতামূলক ৪১ ম্যাচের মাত্র দুটিতে হেরেছে স্পেন। এর মধ্যে তিনটি শিরোপা জিতেছে তারা।
দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তাঁর অধীনে স্পেন চতুর্থবারের মতো ইউরোপের সেরা হয়। এরপর চলতি বছরের জুলাইয়ে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।
এই সাফল্যের ধারাবাহিকতায় ২০৩০ বিশ্বকাপে নিজেদের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্যেও দে লা ফুয়েন্তেকেই পাচ্ছে স্পেন। ওই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২২ বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন দে লা ফুয়েন্তে। এর আগে দীর্ঘদিন স্পেনের বয়সভিত্তিক দলগুলোর দায়িত্বে ছিলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে প্রায় নয় বছর দেশটির যুব ফুটবল কাঠামোয় কাজ করেন এই কোচ।
বয়সভিত্তিক দলেও সাফল্যের রেকর্ড রয়েছে দে লা ফুয়েন্তের। তাঁর অধীনে ২০১৫ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ এবং ২০১৯ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জেতে স্পেন। ২০২১ সালের টোকিও অলিম্পিকেও তাঁর কোচিংয়ে রৌপ্যপদক পায় দলটি। ২০২২-২৩ মৌসুমে স্পেনকে উয়েফা নেশন্স লিগের শিরোপাও এনে দেন তিনি। ২০২৪-২৫ মৌসুমের নেশন্স লিগে অবশ্য পর্তুগালের কাছে রানার্সআপ হয় স্পেন।
মাদ্রিদে বুধবার বিশ্ব ফুটবল সম্মেলনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান দে লা ফুয়েন্তের চুক্তি বাড়ানোর বিষয়টি জানান। তাঁর সাফল্য ও কাজের ধারাবাহিকতার প্রশংসা করে লুজান বলেন, নতুন চুক্তিতে আর্থিক দিক থেকেও দে লা ফুয়েন্তের অবস্থানের উন্নতি হবে।
নতুন মেয়াদে দে লা ফুয়েন্তের প্রথম লক্ষ্যগুলোর একটি হবে ২০২৬-২৭ নেশন্স লিগের অভিযান। ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
এফএস