মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে গ্রেফতার হয়েছেন মেহেরপুর জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বৃহস্পতিবার দুপুরে দর্শনা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তার পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাই করা হয়। যাচাইয়ে গাংনী থানায় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, এম এ খালেকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় গাংনী থানায় মামলা রয়েছে।
এর আগে ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গাংনী থানায় দায়ের করা মামলায় তাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৪ অক্টোবর গাংনী উপজেলা শহরের থানা রোড এলাকার নিজ বাড়ি থেকে র্যাব তাকে গ্রেফতার করে। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার ভারতে যাওয়ার সময় দর্শনা জয়নগর সীমান্তে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এম এ খালেককে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএস