সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
বুধবার সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামের একটি বাগানের মধ্যে গোপন কারখানায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় কৃষিকাজে ব্যবহৃত নকল ও ভেজাল সার-কীটনাশকসহ এসব পণ্য তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে নকল ও ভেজাল সার-কীটনাশকের বস্তা, লেবেল ও প্যাকেট উদ্ধার করা হয়।
অভিযানকালে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভেজাল সার, কীটনাশক ও উৎপাদনসামগ্রী জব্দ করা হয়। পরে এসব ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
এমজেডআর/আরএন