রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। উত্তরা ক্লাবের পাশে সংঘটিত ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহীনুজ্জামান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন কি না জানতে চাইলে ডিসি বলেন, জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে তিনি জানতেন না। তিনি উত্তরায় ব্যবসা করতেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শাহীনুজ্জামানের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এফএস