ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কবার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
X

যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশটিতে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে মার্কিন সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করলে তা ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার সঠিক ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসার নিয়মকানুন ও শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত আরেকটি বিবৃতিতে দূতাবাস জানায়, ভ্রমণকারীদের অবশ্যই পাসপোর্টে অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নিজের অনুমোদিত অবস্থানের শেষ তারিখ জানতে দেশটির সরকারি ওয়েবসাইট i94.cbp.dhs.gov ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।

এ ছাড়া গত ২৮ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, এই ভিসার আওতায় ব্যবসায়িক বৈঠক, সভা এবং চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কাজের জন্য উপযুক্ত ভিন্ন ক্যাটাগরির ভিসা প্রয়োজন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনাকারীদের ভিসার ধরন, অনুমোদিত অবস্থানের সময়সীমা এবং অন্যান্য শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝