চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ রোববার রাত ৮টায় শেষ হচ্ছে। গত ২ সেপ্টেম্বর শুরু হওয়া এ আবেদনপ্রক্রিয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পছন্দের কলেজে আবেদন করতে পারবেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসরণ করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এজন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।
আবেদন শেষে আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের কলেজ মনোনয়নের ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এফএস