স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নির্বাচন কমিশন নির্ধারণ করে।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে কি না, তা নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করবে।
“নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা। সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না,” বলেন শাহে আলম।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক নয়। তবে প্রার্থীদের অন্যান্য যোগ্যতা ও অযোগ্যতা সংশ্লিষ্ট আইন ও নির্বাচন বিধিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
এফএস